বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) টাঙ্গাইল সদর উপজেলায় বৃক্ষরোপনের মাধ্যমে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এর অংশ হিসেবে টাঙ্গাইলের জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। আজ কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আমাদের টাঙ্গাইলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হল। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০ লাখ বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। এই মহতি কার্যক্রমে মাননীয় প্রতিমন্ত্রী সকলের সহযোগিতা কামনাসহ এই কার্যক্রমের সফলতা কামনা করেন।
এই কার্যক্রমে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি মো: হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: মাহমুদুল হক সানু প্রমুখ।

0 Comments