মানবতার ফেরিওয়ালা হাবিব মন্ডল, মানব সেবাই যার একমাত্র নেশাDailyBogra

 



-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


কর্মব্যস্ততার ভীড়ে ও যাপিত জীবনের পথ পরিক্রমায় প্রতিদিন চোখে পড়ে হাজারো মানুষ। কেউ ছুটছে নিজের স্বপ্নের পেছনে, কেউ নিজের কর্ম-ব্যস্ততায়, আবার কেউবা জীবিকার সন্ধানে। কিন্তু এর মাঝেও কিছু মানুষ আছেন, যারা নিজের কথা না ভেবে অন্যের প্রয়োজনে তাদের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে সবসময় ব্যস্ত থাকেন। ঠিক তেমনই একজন সাদামনের মানুষ, মানবতার ফেরিওয়ালা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর চরপাড়া গ্রামের মো: হাবিব মন্ডল। কমরেড হাবিব মন্ডল নামে যিনি এলাকায় সকলের কাছে সুপরিচিত।

সাবেক পৌর কাউন্সিলর হাবিব মন্ডলের দিন শুরু হয় পরোপকারী মনোভাবাপন্ন মানসিকতায়। সকালে সাংসারিক টুকিটাকি কাজ শেষ করে যাত্রা শুরু করেন এক ভিন্ন মিশনে। নিজ গ্রাম, নিজ ওয়ার্ড, পৌরসভা কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে প্রতিদিন চলে যান জনসেবার উদ্দেশ্যে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে গরীব ও দু:স্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা ও স্বাস্থ্যগত বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে বিতরণ নিশ্চিত করেন । 

এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ৫ থেকে ১৫ বছরের শিশুদের ও তাদের অভিবাবকদের মধ্যে সমন্বয় সাধন করে নিয়মিত উঠান বৈঠক করেন। সেখানে তিনি নৈতিকতা শিক্ষা দেওয়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে আলোচনা করেন। উঠান বৈঠকে  সকল শিশুদের নিজের নাম ঠিকানার পাশাপাশি মা-বাবার নাম ও তাদের মোবাইল নাম্বারটা মুখস্থ রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সকল গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শণ, ভদ্রতা, নম্রতা ও সৌজন্যতাবোধে সচেতন হওয়ার জন্য কিছু উক্তি ও শ্লোগান তাদেরকে পাঠ করে শোনান। উক্তিসমূহ: ১) সবাই সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না। ২) অন্যের কোনো জিনিস তাকে না বলে নিবে না। ৩) অন্যের গাছের ফুল ও ফল না বলে ছিড়বে না। ৪) মা-বাবার আদেশ যথাযথভাবে মেনে চলবে। ৫) বড়দের সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে না। ৬) পড়ার সময় পড়তে হবে খেলার সময় খেলতে হবে। ৭) বাড়ির কোনো বিদ্যুৎ সঞ্চালন লাইনে হাত দেয়া যাবে না। ৮) দা-ব্লেডসহ লৌহজাত কোনো সামগ্রী হাতে নেয়া যাবে না। ৯) হাতের নখ ও চুল ছোট রাখাসহ সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ১০) মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। ১১) নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ১২) শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শণ করতে হবে।

শ্লোগান : ১) আমরা কারা? আমরা শান্তির পায়ড়া। ২) 

খেলাঘর চায় কি? শিক্ষা ও শান্তি। ৩) খেলাঘর চায় না-শিশুদের কান্না। ৪) পারমাণবিক অস্ত্র সাগরজলে ডুবিয়ে দাও। ৫) বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও শিশুশ্রম চাই না-চাই না।

" মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য "-এই উক্তিকে হৃদয়ে ধারণ করে ভালো লাগা অনুভূতি থেকেই তিনি এই মানবিক কাজগুলো করে থাকেন।

সমাজে যেখানে স্বার্থপরতা দিন দিন বেড়েই চলেছে, সেখানে তার মতো মানুষ আমাদের আশার আলো দেখাচ্চে। মানবতার এই ফেরিওয়ালা হাবিব মন্ডল সকলের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলেন, মানুষের জন্য কাজ করা একটি মহৎ গুণ। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের  সবচেয়ে বড় পরিচয়।

Post a Comment

0 Comments