মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি ১৭ জুলাই ২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী-পরিত্যক্তা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ১০০ জন সুবিধাভোগীর মাঝে গাভী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় পাঁচবিবি সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাভী বিতরণ করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী-পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে এ গবাদিপশু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন এসডিএস-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা। গবাদিপশু বিতরণের মতো আয়বর্ধক কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মণ্ডল হেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

0 Comments