কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে নিষ্পত্তি হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে পুঁজি করে ব্যবসা করছে। এ ধরনের নোংরা রাজনীতি দেশ ও জাতির জন্য ক্ষতিকর। ০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। তারা আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। নারী ইস্যুকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার প্রকৃত রায়কে অভিনন্দন জানাতে জামায়াতে ইসলামী প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাইয়ে যুবসমাজ বুকের রক্ত দিয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরো বলেছেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো। অনেকে প্রশ্ন করতে পারেন— এত টাকা কোথায় পাওয়া যাবে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না।
জামায়াত আমির বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল,কিশোরগঞ্জ -৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর ডাক্তার কর্নেল জেহাদ খান,কিশোরগঞ্জ -০৪ আসনের জামায়েত প্রার্থী এডভোকেট রোকন রেজা, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, কৃষ্ণচন্দ্র বসাক প্রমুখ নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার ওয়াহিদুল হক, যুব বিভাগের সেক্রেটারি মুস্তাকিম হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি:
মোবাইল,০১৭১১৩৯৯৫১৭
তারিখ,০৩/০২/২৬ইং


Post a Comment