Top News

কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদনDailyBogra

 


জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক খাস কুজাইল দিঘী ইজারা নিতে জেলেরা আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জেলেদের নিয়ে গঠিত মাদারপুর মালিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড প্রায় ১৯ দশমিক ৩৮ একর আয়তনের দিঘীটির আবেদন দাখিল করে। এ সময় উপজেলা ভূমি অফিস চত্বরে জেলেদের উপস্থিতি দেখা যায়।

জানা গেছে, কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাইল দিঘীর ওপর নির্ভর করে দীর্ঘদিন ধরে এলাকার শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। নিয়মিত মাছ ধরা ও দিঘী দেখাশোনার মাধ্যমেই তাদের সংসার চলে। তাই খাস দিঘীটির ইজারা প্রকৃত জেলেদের হাতেই দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা।

আবেদন দাখিলের পর জেলেরা বলেন, দিঘীটি ইজারা নেওয়ার মূল লক্ষ্য হলো প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা রক্ষা করা। অনেক সময় প্রভাবশালীরা জলমহাল ইজারা নিয়ে নেন, এতে জেলেরা বঞ্চিত হন। এ কারণে তারা স্বচ্ছ ও ন্যায্যভাবে ইজারা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।

সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রভাস মালি বলেন,

“এই দিঘীর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক অনেক পুরোনো। আমরা চাই ন্যায্যভাবে ইজারা পেয়ে নিজেরাই দিঘীটি পরিচালনা করতে।”

সমিতির সভাপতি শ্রী অনিল মালি বলেন,

“সরকারি নীতিমালায় পেশাজীবী জেলে সমবায় সমিতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে। আমরা সেই নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়ার দাবি জানাই।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী জমা দেওয়া সব আবেদন যাচাই করে যোগ্যদের মধ্য থেকেই দিঘীটির ইজারা দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post