Top News

জয়পুরহাটে সাবেকুন নাহার শিখার ঘোড়া মার্কার বিশাল নির্বাচনী গণমিছিলDailyBogra

 



মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)


 জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেকুন নাহার শিখার ঘোড়া মার্কার বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট চিনিকল এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় চিনিকল এলাকায় এসে শেষ হয়।

বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নারী-পুরুষ সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেকুন নাহার শিখা নিজেই। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ গণমিছিলটি প্রত্যক্ষ করেন এবং প্রার্থী সাবেকুন নাহার শিখা হাত নেড়ে সকলকে সালাম ও শুভেচ্ছা জানান।

গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল দেখে নয়, প্রার্থী দেখে এবং প্রার্থীর কাজ করার সক্ষমতা দেখে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জয়পুরহাটের বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নিজ অর্থায়নে জয়পুরহাটে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে বেকার নারী ও পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সাবেকুন নাহার শিখা বলেন, জয়পুরহাটের মানুষের জন্য তিনি আজীবন কাজ করে যেতে চান। এমপি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছভাবে জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

শেষে তিনি দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণমিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post