হয় নেশা ছাড়ুন, নয় কাঁশড়া ছাড়ুন’— মাদকবিরোধী ব্যতিক্রমী উদ্যোগে গ্রামবাসী

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি ২৫ জুন ২০২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঁশড়া গ্রামে মাদক ও নেশাবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় গ্রামবাসী। গ্রামের প্রবেশপথ ও সড়কের পাশে “হয় নেশা ছাড়ুন, নয় কাঁশড়া ছাড়ুন” লেখা সাইনবোর্ড স্থাপন করে তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিয়েছেন। স্থানীয়দের মতে, মাদক ও নেশা সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। এ লক্ষ্যেই গ্রামবাসীরা এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। গ্রামবাসীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে তারা মাদকমুক্ত ও নেশামুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে কাজ করছেন। তাদের এই উদ্যোগকে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল স্বাগত জানিয়েছে। তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলাও নষ্ট করে দেয়। তাই সন্তান, ভাই-বোন ও আত্মীয়স্বজনদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রামবাসীর আহ্বান, “মাদককে না বলুন, নেশাকে ঘৃণা করুন। নিজের পরিবার ও প্রিয়জনদের মাদকের ছোবল থেকে দূরে রাখুন। তাহলেই একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” স্থানীয়দের বিশ্বাস, সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে মাদক ও নেশামুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং পরিবারে ফিরে আসবে সুখ, শান্তি ও নিরাপত্তা।

Post a Comment

0 Comments