টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ Daily bogra

 



-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে কৃষকদের মাঝে আধুনিক ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী প্রযুক্তি AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে । 

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার আমবাগান শাখা অফিসে উপজেলার মোট ৩৭ জন চাষীর মাঝে এই আধুনিক কৃষি উপকরণগুলো তুলে দেওয়া হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রতিনিধি পরিবার পরিকল্পনা অফিসার নিলুফার ইয়াসমিন । বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মাসুদুর রহমান ।

ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর  সরকার হাসান ওয়াইজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এরিয়া ম্যানেজার (দাবি) মো: সামছুল হুদা, ব্র্যাক কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাহমুদুল হাসান, আমবাগান শাখা ব্যবস্থাপক তপন চন্দ্র বসাক, রাজিয়া সুলতানা, বানিয়াজান শাখা ব্যবস্থাপক, ভাইঘাট শাখা ব্যবস্থাপক দিলিপ চন্দ্র দে এবং আমবাগান বর্গা চাষী প্রকল্পের শাখা ব্যবস্থাপক মো: সানোয়ার হোসেন । 

আয়োজকরা জানান, আধুনিক ও সাশ্রয়ী কৃষি প্রযুক্তির প্রসারে অনুষ্ঠানে ১ জন চাষীকে অত্যাধুনিক ধান মাড়াই যন্ত্র, ৩০ জন চাষীকে সেচ সাশ্রয়ী অল্টারনেটিভ ওয়েটিং ও ড্রাইয়িং (AWD) পাইপ এবং ৬ জনকে পরিবেশবান্ধব ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার তৈরির উপকরণ দেওয়া হয় । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কৃষিকে আরও স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর করতে হবে। ব্র্যাকের এই সেচ সাশ্রয়ী AWD প্রযুক্তি ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করার পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ এক-তৃতীয়াংশ কমিয়ে আনবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন সময়োপযোগী উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করতে এবং গ্রামীণ অর্থনীতিকে বেগবান করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে" । 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো: মাসুদুর রহমান কৃষকদের আধুনিক সেচ পদ্ধতি ও জৈব সার ব্যবহারের কৌশলগত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন, "প্রচলিত সনাতন পদ্ধতির সেচে প্রচুর পানি অপচয় হয়, যা মাটির উর্বরতাকেও প্রভাবিত করে। AWD বা অলটারনেটিভ ওয়েটিং ও ড্রাইয়িং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে চাষীরা ২৫ থেকে ৩০ শতাংশ সেচের পানি এবং জ্বালানি খরচ বাঁচাতে পারবেন। এর পাশাপাশি রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সারের ব্যবহার বাড়ালে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং উৎপাদিত ফসলের গুণগত মান ও পুষ্টিগুণ বহুগুণ বৃদ্ধি পাবে"। অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব উপায়ে কম খরচে অধিক ফসল ফলানোর জন্য উপস্থিত কৃষকদের এই আধুনিক কৃষি প্রযুক্তিগুলো সঠিকভাবে নিজের জমিতে প্রয়োগ করার এবং প্রতিবেশীদেরও তা ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান ।

Post a Comment

0 Comments