সীমিত জনবল, তবুও থেমে নেই সেবা: পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক স্বাস্থ্যসেবার উদাহরণ ডা. তরুণ কুমার পাল

মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি ১৬ জুন২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পালের সঙ্গে হাসপাতালের জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়। ডা. তরুণ কুমার পাল বলেন, জনবল সংকট থাকলেও কোনো রোগীকে চিকিৎসাবঞ্চিত করা হয় না। সীমিত সম্পদ ও জনবল নিয়েই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। পরিদর্শনের সময় একটি অসুস্থ পুলিশ সদস্য চিকিৎসাসেবা নিতে হাসপাতালে এলে ডা. তরুণ কুমার পাল তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেন। উপস্থিত অনেকেই তার দায়িত্ববোধ, মানবিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। হাসপাতালের ব্যস্ত কর্মসূচির মাঝেও রোগীদের প্রতি তার আন্তরিক আচরণ ও সেবামূলক মনোভাব স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডা. তরুণ কুমার পালের দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, অপারেশন ও প্রসূতি সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও স্বজন জানান, আগের তুলনায় বর্তমানে সেবার মান উন্নত হয়েছে এবং চিকিৎসকরা রোগীদের প্রতি আরও বেশি আন্তরিক হয়েছেন। অনেকেই মনে করেন, ডা. তরুণ কুমারের নেতৃত্বে হাসপাতালটি ধীরে ধীরে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহলের মতে, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও ডা. তরুণ কুমার পালের নেতৃত্বে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সেবামুখী পরিবেশ গড়ে উঠছে, তা ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে।

Post a Comment

0 Comments