রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ: নিজের অবস্থান তুলে ধরলেন জাহেদুল ইসলামDailyBogra















সিরাজগঞ্জ জেলা প্রতিদিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে জাহেদুল ইসলাম নিজের অবস্থান তুলে ধরে এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

জাহেদুল ইসলাম বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী এবং তার সিজিপিএ ৩.৭৯। শুরু থেকেই তিনি পড়াশোনা ও শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করেছেন। সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তিনি চলতেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, তিনি কখনোই কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

তিনি আরও অভিযোগ করেন, একটি পূর্বপরিকল্পিত ঘটনার মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তার দাবি, ক্লাস চলাকালীন একটি সাধারণ বিষয় ফ্যান চালানোকে কেন্দ্র করে পরবর্তীতে ভিন্নভাবে উপস্থাপন করে ঘটনাটি বড় করে দেখানো হয়েছে।

জাহেদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের দিন তিনি ফোনে হুমকি পান, যা থেকে তিনি পুরো ঘটনাকে পরিকল্পিত বলে সন্দেহ করছেন। এছাড়া, পরদিন ক্যাম্পাসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমান করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ঘটনার সময় উপস্থিত কিছু শিক্ষার্থী ও কর্মচারী বিষয়টি প্রত্যক্ষ করেছেন। এ কারণে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছে, এমন সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। এতে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি কেউ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা সম্ভব হবে।

Post a Comment

0 Comments