মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৪ মে, ২০২৬
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, “আমি বগুড়া ও জয়পুরহাট—উভয় জেলাকেই নিজের বাড়ি মনে করি। এই দুই জেলার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বদা কাজ করে যেতে চাই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না।”
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক। সমাজের অসঙ্গতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা উন্নয়নের অংশীদার হবেন বলে আমি বিশ্বাস করি।”
এমপি সুরাইয়া জেরিন রনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা উঠে আসে।
এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত সমস্যা, জেলার উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

0 Comments