জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআরএম বুথ উদ্বোধন ক্যাশলেস সেবা সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি:১৪ মে ২০২৬ জয়পুরহাটে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও নগদ অর্থ লেনদেনের ঝুঁকি কমাতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কালেকশন বুথ ও সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পৌরসভা এলাকা ও জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবনির্মিত কালেকশন বুথ ও সিআরএম বুথের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। পরে জয়পুরহাট পৌরসভা হলরুমে “ক্যাশলেস কর্মসূচি” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আধুনিক ব্যাংকিং সেবা এখন সময়ের দাবি। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময় ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মাহফুজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, পূবালী ব্যাংক বগুড়া শাখার শাখা প্রধান শরিফুল হাসান, বগুড়া অঞ্চলের এডিসি প্রধান দুলাল বারী এবং জামালগঞ্জ শাখার প্রধান মশিউর রহমান। বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝামেলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে ক্যাশলেস ব্যাংকিং সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ সময় সবাইকে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক, জয়পুরহাট পৌরসভার
কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments