বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের মুখপাত্র হওয়ার প্রত্যয় ব্যক্ত বক্তাদের
মোঃ জাহিদুল জয়পুরহাট জেলা প্রতিনিধি:২৬ মে২০২৬

জয়পুরহাট প্রেসক্লাবে নবপ্রকাশিত দৈনিক ছোট যমুনা পত্রিকার মোড়ক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসন, রাজনীতি, সাংবাদিকতা, ব্যবসা ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ছোট যমুনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুবকর সিদ্দিক।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু মন্ডল, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কবি অদিতি রায়, সাংবাদিক মাসরেকুল আলম, সাংবাদিক মাজেদ রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু এবং সাংবাদিক আব্দুল আলিম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। দৈনিক ছোট যমুনা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরবে এবং সমাজের অসঙ্গতি ও সম্ভাবনাকে নিরপেক্ষভাবে প্রকাশ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণমানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি সংবাদপত্র তার গ্রহণযোগ্যতা তৈরি করে। নতুন এই পত্রিকাটি তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নেবে বলেও তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা দৈনিক ছোট যমুনা পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
0 Comments