পাঁচবিবি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক আল-মামুন

মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি ২৩ মে ২০২৬ “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পরিবেশ রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তুলে দেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া। সরকার ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিনিধিদের মাঝে চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন। এ সময় জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া বলেন, “সবুজায়নে ভরবে দেশ, ৫ কোটি বৃক্ষরোপণে গড়ব পরিবেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসে রূপান্তর করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিপুল পরিমাণ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments