মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি ২৯ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল। তার উদ্যোগে ২৭টি গরু কোরবানি করে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার ২০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতভর প্রায় ৫০ জন কশাই নিরলস পরিশ্রম করে ২৭টি বড় গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ সম্পন্ন করেন। পরে শনিবার সকাল থেকে দুই শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী বাড়ি বাড়ি গিয়ে এবং নির্ধারিত স্থানে অসহায় মানুষের হাতে ১ কেজি করে মাংস তুলে দেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এমন মানবিক আয়োজন করেন শামীম হোসেন মন্ডল। শুধু ঈদুল আজহাই নয়, দুর্গাপূজা ও কালীপূজাতেও তিনি সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল পরিবারের মাঝে নারিকেল, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করে আসছেন বলে স্থানীয়রা জানান।
মাংস নিতে আসা সুবিধাভোগীদের মুখে ছিল আনন্দ ও স্বস্তির ছাপ। অনেকেই জানান, আর্থিক সংকটের কারণে তারা কোরবানি দিতে পারেননি। তাই এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এক বৃদ্ধ সুবিধাভোগী বলেন,
“অনেক জায়গায় গিয়েও কোরবানির মাংস পাইনি। এখানে এসে পেয়েছি। আল্লাহ শামীমকে ভালো রাখুক।”
আরেক নারী বলেন,
“আমরা কখনো কোরবানি দিতে পারি না। শামীম মন্ডল যে মাংস দিয়েছেন, তা দিয়েই পরিবারের সবাই মিলে ঈদের খাবার রান্না করব।”
এ বিষয়ে শামীম হোসেন মন্ডল বলেন,
“আমি বিএনপির রাজনীতি করি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব-ধনী সবাই যেন একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্যই এই আয়োজন করেছি।”
তিনি আরও বলেন,
“মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি সবসময় এমন মানবিক কাজ চালিয়ে যেতে চাই।”
স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শামীম মন্ডলের এ উদ্যোগ এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

0 Comments