জয়পুরহাটে ট্রাকচাপায় ব্র্যাক কর্মীর মর্মান্তিক মৃত্যু

মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি ২৩ মে ২০২৬ জয়পুরহাট শহরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন মাফুজুল ইসলাম। বাড়ির পাশের প্রধান সড়কে উঠতেই দ্রুতগতির একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা জানান, মাহফুজুল ইসলাম মাফু ছিলেন শান্ত স্বভাবের ও দায়িত্বশীল মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

Post a Comment

0 Comments