মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ১৯মে২০২৬
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে এ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা ভূমি অফিস চত্বরে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, বর্তমান সরকার ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করছে। অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এতে যেমন সময় ও খরচ কমছে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
মেলায় আগত সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা প্রদান করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
মেলায় অংশগ্রহণকারী অনেকেই জানান, আগে ভূমিসংক্রান্ত নানা কাজ করতে হয়রানি ও দীর্ঘসূত্রতার শিকার হতে হলেও বর্তমানে ডিজিটাল ব্যবস্থাপনার কারণে সেবা পাওয়া অনেক সহজ হয়েছে। বিশেষ করে অনলাইন সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন তথ্যভিত্তিক স্টল, পরামর্শ কেন্দ্র ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। জনগণকে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবার আওতায় আনতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

0 Comments