জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট:
জয়পুরহাটে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) শহরের লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ-এর প্রতিনিধি ও শহর শাখা জামায়াতের আমীর মুফতি ছাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিমসহ সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ছাইদুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের জীবনযাত্রা সহজ করতে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের জন্য লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কয়েকজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রতিবন্ধী মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment