জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের রাস্তাঘাট ও বাজার এলাকার আবর্জনা পরিষ্কার এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন স্থানে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি তিনমাথা মোড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাজার, রাস্তা ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করেন সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। তিনি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং পৌর শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পিসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের মাধ্যমে পৌর শহরকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

Post a Comment