মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের গৌরব উদযাপন করতে শাহজাদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুল/কোচিং-এর উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
চলতি বছরের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শাহজাদপুর উপজেলার মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৮ম, ৯ম ও ১১তম স্থান অর্জনের মতো অসাধারণ সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা। এছাড়া ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩০ জন—মোট ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। এমন ফলাফল শাহজাদপুরের শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য কেবল শিক্ষার্থীদের নয়; এটি তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফসল। নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্নই এমন গৌরবময় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
দোয়া মাহফিলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সপ্তবর্ণ মডেল স্কুল/কোচিং শাহজাদপুরের শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment