Top News

খালেদা জিয়ার চিরবিদায়: দাফন করা হতে পারে স্বামী জিয়াউর রহমানের পাশে

 


দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খালেদা জিয়ার দাফন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সম্পন্ন হতে পারে। এ বিষয়ে এবং জানাজার আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার পর তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও, বয়সের ভার ও শারীরিক দুর্বলতায় তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। সবশেষ গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন।

Post a Comment

Previous Post Next Post