খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
“রাখিবো চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিরোধ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খানসামা (পাকেরহাট), দিনাজপুরের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সুব্রত হালদার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খানসামা। এছাড়াও মেডিকেল অফিসারবৃন্দ, দায়িত্বরত নার্সগণ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

0 Comments