মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি:১জুন২০২৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন নারী। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চাঁনপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন সরকারের স্ত্রী। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইমন সরকার, তাঁর স্ত্রী এবং শ্যালক ফেরদৌস। পথে খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলের চাকা হঠাৎ পিছলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে যান মোটরসাইকেলের আরোহীরা। ঘটনাস্থলেই ইমন সরকার ও ফেরদৌসের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত হন ইমনের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ঈদের আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা সড়কে অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণভাবে খড় ফেলে রাখার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।