​বানারীপাড়ায় শীর্ষ মাদক সম্রাট ‘ল্যাংটা সোহেল’ গ্রেপ্তারDailyBogra

 



মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :


বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টা ৫০ মিনিটে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আঃ বারেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহিষাপোতা গ্রামে সোহেলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। তল্লাশিকালে তার কাছে থাকা ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত সোহেল দীর্ঘ দিন ধরে বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতন ও মাদক আইনে ২৪টি মামলা রয়েছে। ইতিপূর্বে একাধিকবার র‍্যাব ও পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটলেও, জামিনে বেরিয়ে সে পুনরায় মাদক কারবারে লিপ্ত হয়। শীর্ষ এই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সোহেলের মাদক ব্যবসার কারণে এলাকার কিশোর ও যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হয়েছে এবং অনেক পরিবারে অশান্তির দাবানল জ্বলছে। ল্যাংটা সোহেলের গ্রেপ্তারে এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।


বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এছাড়াও মহিষাপোতা গ্রামের মাদক ব্যবসায়ী শাকিল একাধিক সোর্স নিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক কারবার চালিয়ে যাচ্ছে। তাকে ও তার সহযোগিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বানারীপাড়া উপজেলার ৮ টি  ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাদকসেবি ও ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনার ব্যাপারেও থানা পুলিশ তৎপর রয়েছে।

Post a Comment

0 Comments