মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি ০৬ মে ২০২৬
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার নিশ্চিতকরণে জনসম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে জয়পুরহাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মে) বিকেলে জেলার তেঘর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, একটি উন্নত, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মান বৃদ্ধি এবং নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমদুল্লাহ শাকিল এবং ওয়ারিয়র্স অব জুলাই জেলা আহ্বায়ক রাকিবুল হাসান রকি। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির সদস্য মুকুল হোসেন, শাহনাজ পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ মেহেদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সমাজে ন্যায়, অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে বক্তারা সামাজিক অসংগতি দূরীকরণ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিতকরণ এবং সচেতন সমাজ গঠনে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments