পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ — ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস
মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি:৬ মে২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফজলুর রহমান সাঈদ এমপি। বুধবার (৬ মে) সকাল ১০টায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি ফজলুর রহমান সাঈদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় জানতে চান। পাশাপাশি আউটডোরে আগত রোগীদের সঙ্গেও কথা বলেন। তিনি হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, সেবার মান ও অবকাঠামোগত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং পুরো হাসপাতাল পরিদর্শন করেন।
এছাড়াও তিনি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হবে। রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালের জন্য জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমপি আরও বলেন, হাসপাতালের সামনে রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে। একইসঙ্গে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, ডা. নুর আমিন, ডা. মিনহাজুল ইসলাম, ডা. মানসুরা মরিয়ম, ডা. দিলরুবা আফরোজ, ডা. শামীম রাসেল, ডা. মাহফুজুল আলম, ডা. হাবিবুল হাসান, ডা. মারুফা মাহমুদসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার সোহেলী আক্তার, সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত ইসলামের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, সেক্রেটারি গোলাম রাব্বানী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেনসহ সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এমপির ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
0 Comments