জয়পুরহাটে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গলায় আঘাতের চিহ্ন, হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি ফসলি মাঠ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় হাত-পা বাঁধা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর মাটাগরি গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি একটি ক্ষেতে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের কৃষকরা সেখানে জড়ো হন। বিষয়টি পুলিশকে জানানো হলে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। মরদেহটি অনেকটাই পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments