ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু স্বল্পমূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি ১১ মে ২০২৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে জয়পুরহাটে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশীদ। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, টিসিবির ডিলার প্রতিনিধি ও সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন। টিসিবির বিশেষ এ কার্যক্রমে স্বল্পমূল্যে সাধারণ মানুষের মাঝে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল এবং দুই কেজি ভোজ্য তেলসহ মোট ৪৮০ টাকায় পণ্য সরবরাহ করা হচ্ছে। বাজারের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বস্তি প্রকাশ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় মোট ১০ জন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাক সেলের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশীদ বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। এতে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হবেন।” এদিকে টিসিবির পণ্য কিনতে সকাল থেকেই ট্রাক সেলের সামনে ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে টিসিবির এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

Post a Comment

0 Comments