জয়পুরহাটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ১০ মে ২০২৬ জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প। র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা ইয়াসমিন (৫০) এর গতিবিধির ওপর কয়েকদিন ধরে নজরদারি চালায় র‍্যাবের গোয়েন্দা দল। গত শুক্রবার (০৯ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল নতুনহাট সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মহিলা র‍্যাব সদস্যের সহায়তায় ফরিদা ইয়াসমিনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা। গ্রেফতারকৃত ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments