Top News

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন Daily Bogra

 



কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে অনধিকার প্রবেশ, ৫ লাখ টাকা ও ৩টি অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ হোসাইন মিয়া।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের শাহজালাল বাজারে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে গ্রাহক হোসাইন মিয়া অভিযোগ করে বলেন, বাজিতপুর পিডিবির সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে বেশ কিছু বেসরকারি লোকজনকে সাথে নিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সম্প্রতি তার লোকজনের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এবং টাকা দিলে তার বিরুদ্ধে থাকা মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সহকারী প্রকৌশলী ও তার সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে ৫ লাখ টাকা ও ৩টি অটোরিকশা নিয়ে যায়।

তিনি আরও দাবি করেন, তার গ্যারেজ থেকে মাত্র ৬টি অটো চার্জার জব্দ করা হলেও তার নামে ৩০টি অটোরিকশা দেখিয়ে মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় ন্যায়বিচার পেতে তিনি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

উল্লেখ্য গত ১২ মার্চ তিনি কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান সেলিমসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

Post a Comment

Previous Post Next Post