বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার সংলগ্ন একটি বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে বাড়ির মালিক এস.এম নুরুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক স্থানীয় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক। নুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তার স্ত্রী চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের জন্য টাঙ্গাইল শহরে যাওয়ার পর নুরুল ইসলাম ঘরের সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে দুপুর ১২টার দিকে একটি জরুরি কাজে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে যান এবং সেখানে নামাজ আদায় করেন।
পরবর্তীতে বাসায় ফিরে এসে তিনি দেখতে পান ঘরের প্রতিটি দরজা ভেতর থেকে আটকানো। এই বিষয়টি তিনি বাড়ির সামনে থাকা এক দোকানদারকে জানান। পরে লোকজনের সহায়তায় দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে দেখেন ঘরের ভেতরের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর স্ত্রী পারুল জানান,
“আমি টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ফেরার পথে আমাকে ফোন করে জানানো হয় আমাদের বাড়িতে চুরি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি সবকিছু লুট হয়ে গেছে। আমার সাত ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা, এবং এলাকাবাসী জানান, মাদক সেবীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।প্রতিনিয়তই আমাদের এলাকায় এই ধরনের চুরির ঘটনা লেগেই আছে।
এ ধরনের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। তিনি দ্রুত তদন্ত করে চিহ্নিত মাদকসেবী সহ সকল অপকর্মকারী ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা অবগত আছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”.

Post a Comment